চাঁপাইনবাবগঞ্জে গুজবের ভোট
‘পেট্রলবোম যাই পড়ুক, পাঁচ লাখ টাকা পাব গো মরলে। সরকার কথা বলিছে গো। আপনারা সাংবাদিকেরা কিছুই জানেন নাকো। তাই ভোট দিব না ক্যান।’
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর মোড়ে নিজের দোকানে চা বিক্রি করতে করতে এ কথা বলছিলেন করিম মিয়া। এ সময় হাড়কাঁপানো শীতে করিম মিয়ার পাশে থাকা আলাওল নামের এক ব্যক্তি চায়ের কাপে চুমুক দিয়ে বলেন, ‘আরে ভাই, ওই পাঁচ লাখ উঠ্যাতে দুই লাখ চলে যাবে। ভোট দিয়্যা লাভ নাই।’
দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পক্ষে-বিপক্ষে গতকাল শনিবার এভাবেই চলেছে চাঁপাইনবাবগঞ্জের ভোটারদের আলাপচারিতা। জেলার তিনটি আসনের দুটিতে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। শুধু নির্বাচন হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে।
এলাকার অনেকে জানান, এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তবে মাঠের লড়াইয়ে আছেন দুজন। বিএনএফের প্রার্থী আলাউদ্দিনের অল্পস্বল্প পোস্টার ছাড়া কিছু চোখে পড়েনি। আওয়ামী লীগের মনোনীত গোলাম মোস্তফা বিশ্বাস এবং স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম দুজনই গতকাল বিকেলে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকায় বিকেলে এ দুই প্রার্থী হাত বাড়িয়ে খোঁজ নিয়েছেন অনেকের। আবার অনেকে জড়িয়ে ধরেছেন ভোট পাওয়ার আশায়। তবে প্রার্থীদের মধ্যে দ্বিধা-সংকোচ-সংশয় দূর হচ্ছে না।
রহনপুর কলেজ মোড়ে কুশল বিনিময় করছিলেন খুরশিদ আলম, ঠিক তখন তাঁর পেছনে রাস্তায় দাঁড়িয়ে পটলপাতার বড়া বিক্রেতা আলমাস আলী বলেন, ‘উনারে আমি ভালোবেসে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে ভোট দিয়্যাছিলাম। কিন্তু তিনি একবার বিএনপি একবার আওয়ামী কইর্যাছেন।’ বারবার দলবদল সম্পর্কে জিজ্ঞেস করা হলে খুরশিদ আলম বলেন, ‘আরে ভাই, আওয়ামী লীগ-বিএনপি বলে কিছু নাই। আমি ভাই জনগণের জন্য কাজ করার ইচ্ছাতেই ওদের কাছে নমিনেশন চেয়েছি।’
এ সময় খুরশিদ আলমের একটু দূরে ভোটারদের ‘সালাম’ দিচ্ছিলেন গোলাম মোস্তফা বিশ্বাস। নিজের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘যে কারণেই হোক রাজনীতিবিদদের ওপর মানুষ বিশ্বাস হারিয়েছে। আমি এ বিশ্বাস ফিরিয়ে আনার জন্য যা যা করার, তাই করব।’
তবে প্রার্থীদের সঙ্গে ব্যক্তি সম্পর্কের কারণে বিএনপিসমর্থিত কোনো কোনো ভোটারের ভোটকেন্দ্রে যাওয়ার ইচ্ছা রয়েছে।