চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আতাহার জুগিডাইং গ্রামের এক আদিবাসী গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া দেড় লাখ টাকা জরিমানাও করেছেন। অনাদায়ে আরও তিন বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জিয়াউর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন সদর উপজেলার আতাহার মোড়ের দেলশাদ কটার ছেলে আরিফুল ইসলাম (৩২) ও আন্ধানিডাঙ্গা গ্রামের মো. মোস্তফার ছেলে মো. জিয়ারুল (৩৪)।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৯ নভেম্বর রাতে সদর উপজেলার আতাহার জুগিডাইং গ্রামের আদিবাসী গৃহবধূকে তুলে নিয়ে যায় আরিফুল ইসলাম ও মো. জিয়ারুল। প্রায় এক কিলোমিটার দূরের একটি আমবাগানে জিয়ারুলের সহযোগিতায় আরিফুল তাঁকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই বছরের ১ ডিসেম্বর ওই গৃহবধূ বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুজনকে আসামি করে মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২২ মার্চ সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম আদালতে ওই দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।