চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার ৩ জন অস্ত্র মামলায় রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার তিনজনকে অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের মুখ্য বিচারিক হাকিম নূর মোহাম্মদ শাহরিয়ার কবির গতকাল মঙ্গলবার দুপুরে তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।
কুনিও হোশি হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গত বৃহস্পতিবার রাতে রাজীব হোসেন ওরফে সুমন, কাজল চন্দ্র বর্মণ এবং নওশাদ হোসেন ওরফে রুবেলকে অস্ত্রসহ চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করে র্যাব। এরপর অস্ত্র আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। এর এক দিন পর কুনিও হোশি হত্যা মামলায়ও তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, এই দুই মামলাতেই ওই তিনজনকে সাত দিনের রিমান্ড চেয়ে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৩ অক্টোবর সকালে রংপুর শহরের উপকণ্ঠে কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তের গুলিতে খুন হন কুনিও হোশি।