চাঁপাইনবাবগঞ্জে গতকাল বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক চিকিৎসা কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কের ঘুঘুডিমায় বাস-মিশুক সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত রাশেদুল হক (৩০) গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা। তাঁর বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানার মীরেরচকে। এ সময় মিশুকের যাত্রী চিকিৎসক আতিকুর রহমানও আহত হন। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। সকাল ১০টার দিকে নাচোল উপজেলার সব্দুলপুরে ভটভটি উল্টে মারা যান কামরুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি। তিনি ওই গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে। নাচোল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করীম এ কথা জানান। এ সময় আরও তিনজন আহত হন। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।এ ছাড়া বেলা তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার বেকির মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মিশুক আরোহী মুখলেসুর রহমান (২৪) নামের একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার শিবনগর গ্রামের বাসিন্দা। গোমস্তাপুরের বোয়ালিয়া-ভোলাহাট সড়কের কাশিয়াবাড়িতে ভটভটির ধাক্কায় মারা গেছেন আরও এক ব্যক্তি। হযরত আলী নামের এই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।