চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের পাল্টা কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা গত রোববার পাল্টা একটি কমিটি গঠন করেছেন। কমিটিতে লেলিন প্রামাণিককে সভাপতি ও অহিদুজ্জামানকে সাধারণ সম্পাদক করা হয়।
গত ১৯ মে সাকিউল ইসলামকে সভাপতি ও আরিফুর রেজাকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। ওই কমিটি প্রত্যাখ্যান করে পদবঞ্চিত নেতারা নতুন এই কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটির সভাপতি লেলিন প্রামাণিক বলেন, তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতেই নয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হবে। আগামী এক বছর দায়িত্ব পালন করবে এই কমিটি। এই কমিটি গঠনে সদর আসনের সাংসদ আবদুল ওদুদের সমর্থন আছে বলেও দাবি করেন তিনি।
কমিটি গঠন শেষে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করেন অন্য নেতারা। পরে একটি আনন্দ মিছিল বের করে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সাটু হলসংলগ্ন মোড়ে সংক্ষিপ্ত পথসভা করে।
এর আগে গত ৩১ মে লেলিন প্রামাণিক ও অহিদুজ্জামানের নেতৃত্বে জেলা ছাত্রলীগ নেতাদের একাংশ সংবাদ সম্মেলন করে কেন্দ্রঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে। ওই সংবাদ সম্মেলনে কেন্দ্রঘোষিত সভাপতি সাকিউল ইসলামকে অছাত্র, সন্ত্রাসী, মাদকসেবী ও মাদক ব্যবসার পৃষ্ঠপোষক উল্লেখ করে অবিলম্বে কমিটি প্রত্যাহারের দাবি জানানো হয়।
কেন্দ্রঘোষিত কমিটির সভাপতি সাকিউল ইসলাম বলেন, গঠনতন্ত্র লঙ্ঘন ও সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বকে উপেক্ষা করে ছাত্রলীগের কয়েকজন নেতা নিজেরা বসে নতুন কমিটি ঘোষণা করেছেন। ওই কমিটির পক্ষে তৃণমূল বা ছাত্রলীগের অধিকাংশ নেতার কোনো সমর্থন নেই। পাল্টা কমিটির সভাপতি লেলিন প্রামাণিককে রাজাকারের নাতি ও সাধারণ সম্পাদক অহিদুজ্জামানের পরিবার জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেন তিনি। এ ছাড়া গত বছর নাহিদ শিকদার নামে এক ছাত্রলীগ কর্মীর পায়ের রগ কেটে দেয় শিবির। ওই সময় তাঁর চিকিৎসার কথা বলে অহিদুজ্জামান মোটা অঙ্কের চাঁদাবাজি করে আত্মসাৎ করেন। ওই ঘটনায় কেন্দ্রীয় কমিটি তাঁকে সতর্কও করেছিল।
এ ব্যাপারে জানতে চাইলে সাংসদ আবদুল ওদুদ প্রথম আলোকে বলেন, নতুন এই কমিটি গঠনে তিনি সরাসরি সমর্থন দেননি। তবে কেন্দ্রঘোষিত আগের কমিটি তিনি প্রত্যাখ্যান করেছেন। কারণ, ওই কমিটির সভাপতি সাকিউল ইসলাম নানা কারণে বিতর্কিত। সাকিউল ইসলাম সভাপতি পদে থাকলে এখানে আওয়ামী লীগের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। তিনি আগেই বিষয়টি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছেন।