চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমানের জনসভার কারণে গতকাল শনিবার ছয়টি বিদ্যালয়ে পরীক্ষা হয়নি।এলাকাবাসী জানায়, প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান গতকাল চাঁপাইনবাবগঞ্জ এসে তাঁর মন্ত্রণালয়ের অধীন কয়েকটি প্রকল্প পরিদর্শন করেন। বিকেলে তিনি গোমস্তাপুরের সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। এ জনসভার কারণে পাশের সন্তোষপুর উচ্চবিদ্যালয় ও সন্তোষপুর বালিকা উচ্চবিদ্যালয়ের পূর্ব নির্ধারিত প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়। এ ছাড়া অভিন্ন প্রশ্নপত্রের কারণে পাশের আলীনগর উচ্চবিদ্যালয়, আলীনগর বালিকা উচ্চবিদ্যালয়, বাঙ্গাবাড়ি উচ্চবিদ্যালয় ও কলেজ এবং ব্রজনাথপুর উচ্চবিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়। সন্তোষপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার জানান, সকাল থেকেই জনসভার প্রস্তুতি ও বিকেলে জনসভার কারণে জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে পরীক্ষা স্থগিত করা হয়েছে।আলীনগর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দীন জানান, জনসভার কারণে তাঁর বিদ্যালয়ে পরীক্ষা নিতে অসুবিধা হতো না। কিন্তু অভিন্ন প্রশ্নপত্রের কারণে তাঁর বিদ্যালয়েও পরীক্ষা স্থগিত করা হয়। এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, জনসভার কারণে এলাকার সাংসদ জিয়াউর রহমান তাঁকে পরীক্ষা স্থগিত করতে বলেন। এরপর তিনি শুধু বাঙ্গাবাড়ি উচ্চবিদ্যালয় ও কলেজের পরীক্ষা স্থগিত করতে বলেছেন। অন্য বিদ্যালয়ের বিষয়ে তিনি কিছু জানেন না।এ ব্যাপারে স্থানীয় সাংসদ জিয়াউর রহমান বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে পাঁচ-ছয়টি বিদ্যালয়ের এক দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এতে শিক্ষার্থীদের তেমন ক্ষতি হওয়ার কথা নয়।