চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি অভিযানে নিহতের ঘটনায় মামলা
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর মধ্যচরে র্যাবের অভিযানের সময় বোমা বিস্ফোরণে তিনজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। সদর থানায় আজ বৃহস্পতিবার বিকেলে র্যাব-৫ এর উপপরিদর্শক সোহেল রানা বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, এ মামলায় অজ্ঞাত সাত-আট জনকে আসামি করা হয়েছে।
এদিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক মিনারা বেগমকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জঙ্গি আস্তানা হিসেবে ব্যবহৃত বাড়িটির মালিক রাশিকুল ইসলামের শাশুড়ি। তবে রাশিকুল ইসলামের স্ত্রী নাজমা বেগম ও শ্বশুর খোরশেদ আলম এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা) র্যাবের হেফাজতে রয়েছেন।
র্যাব ৫-এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম প্রথম আলোকে বলেন, র্যাবের সদর দপ্তরের অনুমতি সাপেক্ষে সময় নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের র্যাবের হেফাজতেই রাখা হয়েছে। তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জঙ্গি আস্তানার আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়েছে। তবে সেখানে কিছু পাওয়া যায়নি। নিহত জঙ্গিদের পরিচয়ও এখনো পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের মধ্যচর এলাকার ওই বাড়িটি গত সোমবার গভীর রাত থেকে ঘিরে রেখেছিল র্যাব। রাতে মাইকে ‘জঙ্গিদের’ আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে ‘জঙ্গিরা’। এ সময় বাড়ির ভেতরে তিন থেকে চারটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর খড়ের তৈরি বাড়িটিতে আগুন ধরে যায়। পরে র্যাবের ঘিরে রাখা বাড়িতে তিন ‘জঙ্গির’ লাশ পাওয়া যায়। তাঁরা জেএমবির সক্রিয় সদস্য ছিলেন জানিয়ে অভিযানের পর র্যাব বলে, রাজশাহীতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাঁদের।