চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার
চাঁপাইনবাবগঞ্জে ঈদের বাজার জমে উঠেছে। রমজানের প্রথম সপ্তাহের পর থেকেই বাজারে ভিড় দেখা গেলেও কার্যত ১৫ রোজার পর থেকে বাজার জমেছে।
ব্যবসায়ী সূত্র জানায়, বাজারে ভারত থেকে আমদানি করা পোশাকের দৌরাত্ম্য নেই। তবে ভারতীয় টিভির ধারাবাহিক নাটকের জনপ্রিয় নায়িকাদের নামে দেশে তৈরি মেয়েদের পোশাকের বিক্রিই বেশি। বিক্রি বেশি ভারতীয় শাড়ির চেয়ে দেশি শাড়ির। ছেলেদের ক্ষেত্রে চাহিদা বেশি চায়না সুতি কাপড়ের দেশে তৈরি শার্ট-প্যান্ট। এবার ঈদের বাজারে প্রতিটি পোশাকের মূল্য গতবারের তুলনায় কিছুটা বেশি হলেও বিক্রি হচ্ছে ভালো।
গত মঙ্গলবার শহরের নিউমার্কেট, শহীদ সাটু হল মার্কেট, ক্লাব সুপার মার্কেটগুলোতে গিয়ে দেখা যায়, জমে উঠেছে ঈদের বাজার।
ক্রেতা ও বিক্রেতা সূত্র জানায়, সকাল সাড়ে নয়টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলছে বেচাকেনা। শিশু ও তরুণীদের জন্য ফ্রক, জিপসি, লেহেঙ্গা, থ্রিপিস, ফ্লোরটাচ, সাবারিয়া জামা বিক্রি হচ্ছে দেদার। তবে সবকিছু পেছনে ফেলে সবার ওপরে আছে ভারতীয় ধারাবাহিকের বাহারি পোশাক কিরণমালা। সব বয়সীদের জন্য এটি এক হাজার থেকে ছয় হাজার টাকায় বিক্রি হচ্ছে। এরপরেই রয়েছে ফ্লোরটাচ পোশাকের স্থান। ছোটদের সিনথেটিক ফ্রক, জিপসি, লেহেঙ্গা জামা ৬০০ টাকা থেকে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে। বড়দের জন্য সাবারিয়া, ফ্লোরটাচ, জিপসি জামা বিক্রি হচ্ছে দুই হাজার থেকে ছয় হাজার টাকায়। এ ছাড়া বজ্রমালা, কোটিমা জামাও বিক্রি হচ্ছে ভালো।
শাড়ির ক্ষেত্রে এবার নতুন আসা গ্যাস সিল্ক, দোতারি সিল্ক, সফট সিল্কের ওপর মিনা, সিল্ক জামদানি, মিরপুরের লেহেঙ্গা শাড়ি, টাঙ্গাইলের সুতি কাতান, স্বর্ণকাতান ও বেনারসি কাতানের বিক্রি ভালো। আছে কিরণমালার নামে ভারতীয় শাড়ি ও ভারতীয় চেন্নাই কাতান। দুই থেকে ছয় হাজার টাকায় বিক্রি হচ্ছে এসব শাড়ি। ছেলেদের জন্য প্যান্ট ও শার্টের পিস পাঁচ শ থেকে দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে। নিউমার্কেটের টাঙ্গাইল শাড়িঘরের আবু তাহের, শহীদ সাটু হল মার্কেটের জলিল ক্লথ স্টোরের আবদুল জলিল ও অন্যান্য শাড়ির দোকানদারের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য।
শহরের নিউমার্কেটের রাজশাহী ক্লথ স্টোরের স্বত্বাধিকারী জিয়াউর রহমান বলেন, গত বছরের তুলনায় পোশাকের দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের ভিড় লেগেই আছে। ভারতীয় সিরিয়ালের বাহারি পোশাক কিরণমালার বিক্রি বেশি।
ফ্যাশন গার্মেন্টসের বিক্রয়কর্মী সুমন আলী বলেন, ‘আমাদের দোকানের অধিকাংশ পোশাক ভারতীয়। এলসির মাধ্যমে আনায় দাম বেশি হলেও এসবের ক্রেতা বেশি।’
শহীদ সাটু হল মার্কেটের সিটি ফ্যাশনের বিক্রয়কর্মী আবদুল হাকিম বলেন, পোশাকের মান ভালো হওয়ার কারণে দামও ভালো পাওয়া যাচ্ছে। তবে বাচ্চাদের ফ্রক, জিপসি লেহেঙ্গা ও কিরণমালা জামা বেশি বিক্রি হচ্ছে। প্রতিবছরের মতোই স্বাভাবিকভাবে বেচাকেনা চলছে।
ক্লাব সুপার মার্কেটের নীল আঁচল দোকানের বিক্রয়কর্মী মো. আলামিন বলেন, ঈদের বাজারের ক্রেতাদের একটা বড় অংশ হচ্ছে ধান ও আম ব্যবসায়ীদের পরিবার। কিন্তু এবার ধান ও আমের দাম না থাকায় বাজারে এর প্রভাব পড়েছে।
ঈদ বাজারে পোশাকের মূল্য বৃদ্ধি উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের কাছে সহনীয় হলেও প্রভাব ফেলেছে নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের ওপর। বাজার করতে আসা নয়াগোলা ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মুন্নি বেগম বলেন, ‘জুতা-স্যান্ডেলের দাম মোটামুটি স্বাভাবিক থাকলেও পোশাকের মূল্য বেশি। এর ফলে আমাদের মতো পরিবারের জন্য কষ্টদায়ক হচ্ছে। এক মেয়ের পোশাক কিনতে গিয়ে অন্য ছেলেমেয়েদের জন্য কিনতে সমস্যা হচ্ছে।’
অন্যান্য বছরের মতো এবার নিউমার্কেটের সামনে ফুটপাতে ঈদের অস্থায়ী বাজার বসতে পারেনি। ফলে দরিদ্র মানুষেরা পড়েছেন সমস্যায়। বড় মার্কেটগুলোতে সামর্থ্যের মধ্যে ছেলে-মেয়েদের পোশাক কিনতে না পেরে তাঁরা হতাশ হয়ে বাড়ি ফিরছেন।