চাঁপাইনবাবগঞ্জে জামায়াতকর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আজ সোমবার জামায়াত-শিবিরের কর্মীদের কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে জামায়াতের একজন কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যসহ অন্তত ২০ জন।

নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম। তিনি শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। নুরুল ইসলাম জামায়াতের কর্মী বলে দাবি করেছেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মনিরুল ইসলাম। তিনি জানান, সংঘর্ষে আরও কয়েকজন শিবিরকর্মী আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বেলা সোয়া একটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর এলাকায় অবস্থান নেন জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁরা ইট ফেলে সড়ক অবরোধ করে বাধার সৃষ্টি করেন। বিজিবি ও পুলিশের সদস্যরা ব্যারিকেড সরাতে গেলে জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। পুলিশ ও বিজিবির সদস্যদের লক্ষ্য করে ৫০টির বেশি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবির সদস্যরা পাল্টা গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান নুরুল ইসলাম।

জামায়াত-শিবিরের ছোড়া ককটেল বিস্ফোরিত হয়ে ৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর মিজানুর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহমেদ জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর জামায়াত-শিবিরের কর্মীরা ককটেল হামলা চালান। এতে বাধ্য হয়ে তাঁরা পাল্টা গুলি ছোড়েন। এ সময় গুলিতে কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে একজন মারা গেছেন বলে তিনি নিশ্চিত করেন।