চাঁপাইনবাবগঞ্জে টিসিসি বেতনের দাবিতে অধ্যক্ষকে তালাবদ্ধ করে ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে তালাবদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। নয় মাস ধরে বেতন না পেয়ে ক্ষুব্ধ শিক্ষক-কর্মচারীরা গতকাল মঙ্গলবার তাঁদের অধ্যক্ষের কক্ষে দুই ঘণ্টা আটক করে রাখেন। পরে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন পুলিশ নিয়ে তাঁদের উদ্ধার করেন।টিটিসির রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশন বিষয়ের শিক্ষক শাহীন আক্তার, জ্যেষ্ঠ প্রশিক্ষক মাহবুবুর রহমান, ইলেকট্রিক্যাল বিষয়ের প্রশিক্ষক নুরুল ইসলাম ও জ্যেষ্ঠ শিক্ষক সাঈদী হোসেন জানান, নয় মাস বেতন না পেয়ে ৭৭ জন শিক্ষক-কর্মচারী পরিবার নিয়ে খুব আর্থিক কষ্টে আছেন। তাঁদের মধ্যে পাঁচজন বেতন না পেয়ে প্রতিষ্ঠানে আসা ছেড়ে দিয়েছেন। তাঁরা জানান, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অনেকেই টিটিসির কাজ শেষে ইটভাটায় কাজ করেন ও রিকশাভ্যান চালিয়ে খেয়ে-না খেয়ে দিন কাটান। তাঁরা জানান, দীর্ঘদিন থেকে বেতন-ভাতা না পেয়ে গতকাল সকাল সাড়ে নয়টায় ক্লাস বর্জন করে অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে অধ্যক্ষ আবদুর রহিম ও উপাধ্যক্ষ শেফাউল করীমকে অবরুদ্ধ করেন। খবর পেয়ে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন পুলিশ নিয়ে বেলা সাড়ে ১১টায় তাঁদের উদ্ধার করেন। অধ্যক্ষ আবদুর রহিম জানান, বরাদ্দের টাকা ছাড় করার ব্যাপারে তাঁর কিছু করার নেই।