চাঁপাইনবাবগঞ্জে টেলিফোনের তার চুরির হিড়িক
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) গ্রাহকদের টেলিফোনের তার চুরির হিড়িক পড়েছে। চুরিতে অতিষ্ঠ হয়ে অনেক গ্রাহক তাদের সংযোগই প্রত্যাহার করে নিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের বিটিসিএল কার্যালয় সূত্র জানায়, শহরের হাসপাতাল সড়ক, মিস্ত্রিপাড়া, ভেলুমোড়, মসজিদপাড়া, ইসলামপুর, কাঁঠালবাগিচায় গত ১৫ দিনে ৫০ গ্রাহকের টেলিফোনের তার চুরি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এক মাসের মধ্যে একাধিকবার করে পৌর এলাকার মিস্ত্রিপাড়ার মনিরুল ইসলাম, ইয়ামিন কবির, শফিকুল ইসলাম, আবদুর রশিদ, মসজিদপাড়ার জহিরুল ইসলাম, হাসপাতাল সড়কের বাবুল সরকার ও চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের মতো ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের টেলিফোনের তার চুরি হয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই এসব চুরির ঘটনা থানায় জানাননি গ্রাহকেরা।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, থানায় গেলে পুলিশ আগে সন্দেহভাজন চোরের নাম দিয়ে তাদের আসামি করে মামলা করতে বলে। পরে তারা নাকি পদক্ষেপ নেবে। চুরির ক্ষেত্রে জিডি নেওয়া হয় না। এখন চুরি কে করছে, কাকে সন্দেহ করবেন—এসব বিবেচনা করে ক্ষতিগ্রস্তরা আর থানায়ই যান না।
মিস্ত্রিপাড়ার মনিরুল ইসলাম অভিযোগ করেন, তাঁর এক মাসে ছয়বার টেলিফোনের তার চুরি গেছে। তিনি মুঠোফোনের এ যুগে এত ধকল সহ্য করে টেলিফোনের সংযোগই আর রাখবেন না।
বিটিসিএলের একজন প্রকৌশলী জানান, তার চুরির বিষয়টি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বহুবার উত্থাপন করা হয়েছে। কিন্তু চুরি রোধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। টেলিফোনের তারের ভেতরকার তামা বের করে সাধারণত মাদকাসক্তরা একশ্রেণীর অসৎ ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রি করে থাকে।
চাঁপাইনবাবগঞ্জ বিটিসিএলের সহকারী প্রকৌশলী আসলাম হোদা জানান, বারবার তার চুরিতে অতিষ্ঠ হয়ে এ পর্যন্ত ১৫০ জন গ্রাহক তাঁদের টেলিফোনের সংযোগ প্রত্যাহার করে নিয়েছেন। এ ছাড়া বর্তমানে তারের অভাবে ২৬টি সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তিনি আরও জানান, তার চুরির ব্যাপারে বহুবার থানায় জিডি করা হয়েছে। কিন্তু কাজ হয়নি। তাই এখন আর জিডি করেন না।
জেলা প্রশাসক সরদার সরাফত আলী জানান, তাঁর সময়কালে বিষয়টি জেলা উন্নয়ন সমন্বয় কমিটিতে উত্থাপিত হয়নি। বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটিতে উত্থাপিত হওয়া দরকার। এ ব্যাপারে বিটিসিএলের কর্মকর্তাদেরও গাফিলতি রয়েছে বলে মত প্রকাশ করেন তিনি।