চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় দুই পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার কানসাট পল্লী বিদ্যুৎ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সার্জেন্ট আতাউল ইসলাম (২৫) ও উপপরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম (৩৮)। ঘটনার সময় তাঁরা কর্তব্যরত ছিলেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জুবায়ের হোসেন বলেন, অবৈধ পণ্য বহনের তথ্যের ভিত্তিতে একটি ট্রাককে থামার সংকেত দেন পুলিশের ওই দুই সদস্য। চালক ট্রাকটি না থামিয়ে চালিয়ে যেতে থাকেন। এ সময় পুলিশের ওই দুই সদস্য মোটরসাইকেল নিয়ে ট্রাকটিকে ধরার চেষ্টা করেন। একপর্যায়ে তাঁরা ট্রাকের সামনে চলে আসেন। ট্রাকটি তাঁদের চাপা দেয়। এতে সাদেকুল ও আতাউল নিহত হন।

পুলিশ জানায়, ট্রাক নিয়ে চালক পালিয়েছেন। পুলিশের নিহত দুই সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।