চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের সামনের রাস্তায় গতকাল বৃহস্পতিবার সকালে ট্রাকচাপায় আমিনুর রশিদ (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জ উপজেলার রানিহাটি ইউনিয়নের হরিনগর তাঁতীপাড়ার বাসিন্দা ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম ও নিহত ব্যক্তির ভাই মোমিন আলী বলেন, আমিনুর রশিদ রেশম সুতার ব্যবসায়ী ছিলেন। সকাল ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে বিসিক যাওয়ার সময় হর্টিকালচার সেন্টারের সামনে একটি ট্রাক পেছন থেকে তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। গুরুতর আহত আমিনুরকে দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে রাজশাহীর গোদাগাড়ী এলাকায় তিনি মারা যান। এ ব্যাপারে সদর থানায় মামলা করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক।