চাঁপাইনবাবগঞ্জে ট্রেন প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ-খুলনা রেলপথ থেকে ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেন প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল সোমবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ নাগরিক উন্নয়ন কমিটির উদ্যোগে বেলা ১১টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে মিছিল বের হয়। এ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক উন্নয়ন কমিটির আহ্বায়ক সৈয়দ হোসেন আহমেদ। বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ-খুলনা রেলপথে মহানন্দা দীর্ঘদিন ধরে চলাচল করছিল। এ ট্রেনে যাত্রী ছাড়াও নানা কৃষিপণ্য ও মাছ পরিবহন হয়। ট্রেনটি প্রত্যাহার করা হলে যাত্রীসাধারণসহ ক্ষুদ্র ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি কৃষিপণ্য ও মাছের বাজারেও এর বিরূপ প্রভাব পড়বে। ট্রেনটি বাতিল করা হলে নাগরিক উন্নয়ন কমিটি আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের মাস্টার মনিরুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই পথে মহানন্দা এক্সপ্রেস চালানো হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।