দুই শিক্ষার্থীর ঝগড়াকে কেন্দ্র করে ঘটনা
চাঁপাইনবাবগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ৪০ বাড়িতে আগুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ও বাবুপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৪০টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। লুটপাট করা হয়েছে কয়েকটি বাড়ি। সংঘর্ষে আহত হয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ২৫ জন।
স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে গত শনিবার সন্ধ্যায় উজিরপুর গ্রামে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের এ ঘটনা ঘটে।
আবারও হামলার আশঙ্কায় দুই শতাধিক পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। গতকাল রোববার সকালে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে দেখা যায়, আসবাববোঝাই রিকশা-ভ্যান, ভটভটি, ট্রলি ও ট্রাক্টরের সারি। নারী ও শিশুসহ অনেকে পায়ে হেঁটে ছাগল-মুরগি ও কাপড়ের পুঁটলি মাথায় এলাকা ত্যাগ করছেন।
গতকাল সরেজমিনে উজিরপুর গ্রামে দেখা যায়, ২০-২২টি বাড়ি পোড়ানো হয়েছে। এসব বাড়ির ধান-চাল, আসবাবপত্র ছাড়াও গবাদি পশুও পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অতর্কিত ককটেল হামলার পর পরই ওই বাড়িঘরে পেট্রল ঢেলে ও বারুদ ছিটিয়ে অগ্নিসংযোগ করা হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এবং হামলাকারীরা সশস্ত্র থাকায় জীবন বাঁচাতে এসব বাড়ির বাসিন্দারা পালিয়ে যান। আগুন নেভানোর কোনো চেষ্টা করতে পারেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১২-১৪ বছর আগে এসব বাড়ির বাসিন্দারা পদ্মার ভাঙনের শিকার হয়ে এই গ্রামে আশ্রয় নেন। তাঁদের অনেকের আদি বাড়ি ছিল বাবুপুর ও রাধাকান্তপুর গ্রামে। দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে উজিরপুর গ্রামের বাসিন্দারা এই হামলা চালান। বাবুপুর গ্রামের কয়েক শ বাসিন্দা লাঠিসোঁটাসহ দেশে তৈরি অস্ত্র নিয়ে উজিপুরের বাসিন্দাদের অন্তত ২০টি বাড়িতে অগ্নিসংযোগ করেন।
উজিরপুর গ্রামে ঢুকতেই সাজেমান আলী (৭৫) নামের এক ব্যক্তির পোড়াবাড়ি দেখা যায়। সাজেমান বলেন, ‘হামি বুড়হা মানুষ। হাত-পা ধইর্যা কত কাঁদনু। তাও ছাড়লে না হামার বাড়িটা। আগুন দিলে। সব কিছু ছারখার কইর্যা দিলে।’
আরেকটু এগোতেই দেখা যায়, কায়েমা খাতুন নামের একজন পৌঢ়া তাঁর পোড়াবাড়ির সামনে বিলাপ করে বলছেন, ‘আর এখুন কুণ্ঠে মাথা লুকাবোরে আল্লাহ।’ কাঁদতে কাঁদতে তিনি বলেন, তাঁর তিন ছেলে নাসির, বশির ও সাকিমের বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর তিন ছেলের বাড়ি থেকে প্রায় ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে হামলাকারীরা।
উজিরপুর গ্রামের একাধিক বাসিন্দা জানান, গ্রামের সম্পন্ন গৃহস্থ রফিকুল ইসলামের বাড়িতে প্রথম আগুন দেওয়া হয়। পালাতে গিয়ে মারাত্মক আহত হন রফিকুল। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ছেলে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র দেলোয়ার হোসেন বলেন, বাবুপুরের বাসিন্দারা এই হামলা চালায়। হামলাকারীরা প্রথমে ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর বাড়ির ভেতরে ঢুকে টাকা লুট করে। পরে বারুদ ছিটিয়ে ঘরে আগুন দেয়।
উজিরপুর গ্রামের মাহাতাব উদ্দীন (৭৫) ও তাঁর তিন ছেলের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এই গ্রামের মজিবুর রহমান, আসমত আলী, শুকুরদি, মোহামঞ্চদ বনু, মোখলেসুর রহমানের বাড়িও পোড়ানো হয়েছে। হামলায় মোখলেসুরের বৃদ্ধ বাবা অনু মণ্ডল আহত হয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উজিরপুর-বাবুপুর উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আফসার আলী (৬৫), উজিরপুর আদর্শ কলেজের প্রভাষক শাহীন আক্তার, সোবহান উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সফিকুল ইসলাম ও এলাকার অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামটির খড়ের ও আধাপাকা ৪০-৪২টি বাড়ি পুড়ে গেছে। বাড়ির বাসিন্দারা পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেননি।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন কর্মকর্তা আবুল হাসান বলেন, ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু প্রায় আধা কিলোমিটার দূরের একটি নদী থেকে পানি আনতে গেলে তাঁদের গাড়িতেও গ্রামবাসী হামলা চালান।
শনিবার সন্ধ্যায় সংঘর্ষের পর রাত ১০টার দিকে অতিরিক্ত পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এড়াতে গতকাল পর্যন্ত এলাকায় পুলিশ ও র্যাব মোতায়েন ছিল।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ্ত রেজা জানান, আজ (রোববার) সকালেও উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ ও র্যাব ধাওয়া দিয়ে গ্রামবাসীকে নিবৃত্ত করে। গ্রামের চারদিকে পুলিশ ও র্যাব মোতায়েন আছে। তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।