চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
জমি নিয়ে বিরোধের জের ধরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন শেখপাড়া গ্রামের তারেক আহমেদ, মোহাম্মদ ওয়াসিম, দেলোয়ার হোসেন ও চ্যানেল আইয়ের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম। তারেক আহমেদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শেখপাড়া গ্রামের বাসিন্দা ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ আহমেদের সঙ্গে জমি নিয়ে একই গ্রামের জালাল উদ্দিন ও আবদুল ওদুদের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে জালাল ও ওদুদের সমর্থকেরা ফিরোজ আহমেদের বাড়িতে হামলা চালায়। এ সময় ফিরোজ আহমেদের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষের ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম। হামলাকারীরা তাঁর কাছ থেকে ক্যামেরা ও ব্যাগ ছিনিয়ে নেয়।ফিরোজ আহমেদ অভিযোগ করেন, আবদুল ওদুদ তাঁদের বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে। এ ঘটনায় তিনি ওদুদসহ ৪০-৪৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। আবদুল ওদুদ দাবি করেন, ফিরোজের লোকজন তাঁদের ওপর হামলা চালিয়েছে। তাঁদের প্রতিরোধ করতে গেলে সংঘর্ষ হয়। একপর্যায়ে ফিরোজ বাড়িতে ঢুকে পড়লে বাইরে থেকে ইটপাটকেল ছোড়া হয়। তবে তাঁরা ফিরোজের বাড়িতে লুটপাট চালাননি।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মর্তুজা জানান, হামলার ঘটনায় গত বৃহস্পতিবার ফিরোজ আহমেদ ও আশরাফুল ইসলাম দুটি মামলা করেছেন। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।