চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বাড়িঘরে লুটপাট-আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা এলাকায় গতকাল রোববার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নাইরুল ইসলাম (৪২) নামের একজন নিহত হয়েছেন। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ এবং বাড়িতে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয় লোকজন জানান, নয়ালাভাঙ্গা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আশরাফ আলী ও মোস্তাকুল হক পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এঁদের মধ্যে আশরাফ বিএনপি ও মোস্তাকুল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গত ৯ ডিসেম্বর হরতাল চলাকালে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এর পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছে। গতকাল মোস্তাকুল উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন আলীর সহযোগিতায় অর্ধশতাধিক সমর্থক নিয়ে আশরাফ পক্ষের ওপর হামলা চালান। এ সময় প্রতিপক্ষের লোকজন প্রতিহত করার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরিত হয়। প্রায় তিন ঘণ্টা ধরে থেমে থেমে চলা সংঘর্ষে শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে নাইরুল ইসলাম (৪২) নামের মোস্তাকুলের পক্ষের একজন নিহত হন। তিনি পার্শ্ববর্তী মিরাটুলি গ্রামের আবদুস সোবহান ওরফে খোকা বিশ্বাসের ছেলে। তাঁর ভাই শরিফুল ইসলাম জানান, নাইরুল ইসলাম আওয়ামী লীগের সমর্থক ছিলেন। প্রতিপক্ষের ককটেল বিস্ফোরণে তিনি মারা গেছেন। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এঁদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হচ্ছেন মিরাটুলি-বাবুপুরের ফাকু (৬০) ও তাঁর ছেলে মানিক (৩৫)। আশরাফ আলী অভিযোগ করেন, সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থলে গেলেও নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। পুলিশের উপস্থিতিতে প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালান এবং ১৯টি বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেন।হামলা ও বাড়ি লুটপাটের শিকার নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম অভিযোগ করেন, তাঁর বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি বাড়িতে থাকা দুই লাখ নগদ টাকা ও ছয় ভরি স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যান প্রতিপক্ষের লোকজন। তিনি আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও মোস্তাকুলের লোকজন তাঁর বাড়িতে হামলা চালান বলে উল্লেখ করেন তিনি। তিনি দাবি করেন, নাইরুল ইসলাম নিজের কাছে রাখা ব্যাগভর্তি ককটেল বিস্ফোরণেই মারা গেছেন। চেষ্টা করেও এ ব্যাপারে মোস্তাকুল হকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন আলী বলেন, ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। আশরাফের নেতৃত্বাধীন বিএনপির সন্ত্রাসীরা প্রথমে হামলা চালায়। হামলায় নাইরুল ইসলাম মারা গেলে উভয় পক্ষ ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ অস্বীকার করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দীন আহমেদ বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের চারটি গুলি ছোড়ে। তিনি জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০০ টাকা, দুটি করে কম্বল দেওয়া হয়েছে। সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত থানায় কেউ মামলা করতে আসেনি। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার সাজ্জাদুর রহমান ও সদর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) শাকিলুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।