চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন ও দৈনিক খোলা কাগজ-এর জেলা প্রতিনিধি আবদুর রবের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে এ কর্মসূচিতে ৭০ জন সাংবাদিক অংশ নেন। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে পরে তাঁরা জেলা হাকিমের কাছে স্মারকলিপি দেন।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের মানিকাড়া গ্রামে গত ২৬ আগস্ট পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিতর্কিত ব্যবসায়ী টি ইসলামের লোকজনের হামলার শিকার হন দুজন সাংবাদিকসহ চারজন। বক্তারা সেই ব্যবসায়ীর সম্পদের উৎস খুঁজে বের করে আইনি ব্যবস্থা নিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন শামসুল ইসলাম, আনোয়ার হোসেন, ডাবলু কুমার ঘোষ, শহিদুল হুদা প্রমুখ।