চাঁপাইনবাবগঞ্জে দুই 'জেএমবি' তিন দিনের রিমান্ডে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে ২০টি ককটেলসহ গ্রেপ্তার দুই ‘জেএমবি সদস্যের’ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গোয়েন্দা পুলিশের পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আজ শনিবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম জুয়েল অধিকারী রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা খাকচাপাড়া গ্রামের সাইফুদ্দিন ওরফে সাইফুল ইসলাম ওরফে সাব্বির (৪০) ও একই ইউনিয়নের বড় মরাপাগলা গ্রামের আবুল কাশেম ওরফে তরিকুল (৩৫)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশীদ বলেন, ওই দুই জেএমবি সদস্য কারাগারেইআছে। আদালতের লিখিত নির্দেশ কারাগারে পৌঁছানোর পর আজ রোববার থেকে তাঁদের রিমান্ডে নেওয়া হবে।
গত ১১ জুলাই রোববার রাত পৌনে তিনটার দিকে সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ককটেলসহ ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, ওই দুজন জেএমবি সদস্য। তাঁরা গ্রাম্য চিকিৎসক সাইফুদ্দিনের বাড়িতে হামলার পরিকল্পনা করছিলেন।