চাঁপাইনবাবগঞ্জে দুজন নিহত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর এলাকা নারায়ণপুর ইউনিয়নে গত শনিবার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও দুই সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে পুলিশ গতকাল রোববার নিশ্চিত করেছে। নিহত ব্যক্তিরা হলেন নুরুল ইসলাম (৪৬) ও আকতারুল ইসলাম (৪২)।
জানা গেছে, শনিবার ভোর চারটার দিকে নারায়ণপুর ইউপি ভবনসংলগ্ন বাতাসের মোড় এলাকায় ইউপি চেয়ারম্যান আলমগীর কবিরের সমর্থকদের সঙ্গে ইউপি সদস্য হুমায়ন আলী ও আজিম আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। তখন আলমগীরের বাড়িতে চারটি ককটেলসহ ইটপাটকেল ছোড়া হয়। পরে সংঘর্ষ বাগপাড়া, বান্নাপাড়া, মণ্ডলপাড়া, জাওনিয়া ও সাতরশিয়া গ্রামে ছড়িয়ে পড়ে। বেলা আড়াইটা পর্যন্ত দফায় দফায় চলা এ সংঘর্ষে বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটে।
নুরুল ইসলামের চাচা আবদুল মান্নান বলেন, সংঘর্ষের সময় ককটেলের আঘাতে আহত হন নুরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, আহত অবস্থায় নুরুল ইসলামকে ধরে ফেলে চেয়ারম্যান আলমগীর কবিরের সমর্থকেরা। তারা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
সংঘর্ষে গুরুতর আহত হন নারায়ণপুর-জাওনিয়া গ্রামের আকতারুল ইসলাম। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। আকতারুলের ছোট বোন জিন্নাত আরা জানান, প্রতিপক্ষের ছোড়া ককটেলের বিস্ফোরণে আকতারুলের ডান হাত উড়ে যায়।