চাঁপাইনবাবগঞ্জে দেশি পোশাকের কদর
চাঁপাইনবাবগঞ্জের ঈদবাজারে এবার দেশি কাপড়ে তৈরি পোশাকই সবচেয়ে বেশি চলছে। ক্রেতারা অন্য কোথাও থেকে শুনে কোনো বিশেষ নামের পোশাক চাইলে দোকানিরা ভালো মানের দেশি পোশাক দেখিয়ে তাঁদের আকৃষ্ট করছেন। এ জেলার গতবারের তুলনায় এবার পোশাকের দাম বেশি হলেও ব্যবসা ভালো হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
চাঁপাইনবাবগঞ্জের নিউমার্কেট, শহীদ সাটু হল ও কাব সুপার মার্কেটের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। শহীদ সাটু হল মার্কেট কমিটির সভাপতি ও মা গার্মেন্টসের স্বত্বাধিকারী আজিজুর রহমান বলেন, তরুণীদের কাছে দেশি সুতি কাপড়ের ওপর হাতের কাজ করা থ্রি-পিসের চাহিদা বেশি। এসব থ্রি-পিসের দাম এক হাজার থেকে তিন হাজার টাকা। একই মানের ভারতীয় পোশাকের দাম প্রায় দ্বিগুণ। এখানে মেয়েদের ভারতীয় পোশাক বিক্রি হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকায়। দেশি পোশাকের বিক্রিই বেশি বলে জানান তিনি।
নিউমার্কেটে ফ্যাশন নামের একটি পোশাকের দোকানে গিয়ে দেখা যায় নারীদের উপচে পড়া ভিড়। কথা হয় দোকানমালিক মশিউর রহমান ও কর্মচারী সোলাইমান আলীর সঙ্গে। তাঁরা বলেন, গতবারের তুলনায় এবার বেচাবিক্রি বেশি। তবে দামি পোশাক ও ওয়েস্টার্ন কালচারের পোশাক বিক্রি বেশি হচ্ছে। মেয়েদের ঢিলা লং পায়জামা ‘প্লাৎজো’সহ কামিজের সেট বিক্রি হচ্ছে দেড় থেকে তিন হাজার টাকায়, ছোট ও বড়দের জিপসি ড্রেস ও সুতির থ্রি-পিস বিক্রি হচ্ছে এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া ছোটদের ওয়েস্টার্ন ধাঁচের পোশাক স্কার্ট, টপস-ডিভাইডার সেট বিক্রি হচ্ছে এক থেকে তিন হাজার টাকায়।
নিউমার্কেটে পোশাকের আরেকটি বড় দোকান রাজশাহী স্টোরের মালিক শফিকুল ইসলাম বলেন, এবারের ঈদবাজারে গতবারের তুলনায় বিক্রি ভালো। ছোটদের ফ্রক বিক্রি হচ্ছে পাঁচ শ থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত। আর বড়দের ফ্লোরটাচ ও লং গাউন ধরনের পোশাক বিক্রি হচ্ছে তিন থেকে নয় হাজার টাকায়।
কাব সুপার মার্কেটের মীম গার্মেন্টসে দেখা যায় ছেলেদের ভিড়। গার্মেন্টসটির মালিক মো. মিলন বলেন, এবার পোশাকের দাম কিছুটা বাড়লেও ক্রেতা আছে। পোশাকের মধ্যে গ্যাবার্ডিন কাপড়ের প্যান্ট ও সুতির শার্ট বেশি বিক্রি হচ্ছে। শার্ট ও প্যান্ট আলাদাভাবে বিক্রি হচ্ছে চার থেকে ছয় শ টাকায়। এ সময় কথা হয় দোকানের ক্রেতা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে আসা হাসিব উদ্দিন ও আতিকুর রহমানের সঙ্গে। তাঁরা বলেন, গ্রামের বাজারের দোকানগুলোতে ভালো পোশাক পাওয়া যায় না বলেই শহরে আসা। গতবারও এ দোকান থেকে পোশাক কিনেছিলেন তাঁরা।
একই মার্কেটের আরাফাত অ্যান্ড ব্রাদার্স গার্মেন্টস দোকানে গিয়ে দেখা যায়, এখানে শাড়ি, থ্রি-পিস, ওড়না ও প্যান্টের পিস বিক্রি হচ্ছে বেশি। টাঙ্গাইল ও মসলিন জামদানি শাড়ি বিক্রি হচ্ছে আড়াই থেকে পাঁচ হাজার টাকায়, ভারতীয় সিল্ক শাড়ি দুই থেকে চার হাজার এবং বোম্বে কাতান শাড়ি আড়াই থেকে সাড়ে চার হাজার টাকা করে বিক্রি হচ্ছে। এখানে কথা হয় স্বরূপনগরের আবদুর রব নাহিদের সঙ্গে। মায়ের জন্য শাড়ি কিনতে এসেছিলেন তিনি। তিনি বলেন, এবারের ঈদবাজারে পোশাকের দাম একটু বেশি। গতবার এ ধরনের শাড়ি তিনি কিনেছিলেন এক হাজার টাকা করে। এবার কিনেছেন দেড় হাজার টাকায়।
তবে জুতার দোকানগুলোতে এখনো সেভাবে ক্রেতাদের চাপ সৃষ্টি হয়নি। নিউমার্কেটের বাটা শোরুমের আবদুর রাজ্জাক ও নবাব শুর আবদুর সবুর বলেন, জুতার দোকানগুলোতে সাধারণত ২০ রোজার পর থেকেই ভিড় বাড়ে।