চাঁপাইনবাবগঞ্জে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হককে শপথ গ্রহণের পরপরই গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার নবনির্বাচিত ১৮ ইউপি চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। শপথ গ্রহণ শেষে বের হয়ে আসার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় নাচোল থানা-পুলিশ আশরাফুল হককে গ্রেপ্তার করে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি হামিদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নাচোল থানার ওসি ফাসির উদদীন জানান, আশরাফুল হক নাচোল থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, তিন মাস আগে শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা কেরামত আলীসহ তিনজনকে ১০টি ককটেল ও ৫০০ গ্রাম গানপাউডারসহ নাচোলের একটি ইটভাটা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলার আসামি আশরাফুল হক।