চাঁপাইনবাবগঞ্জে নাবি জাতের কুলের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র (আম গবেষণা কেন্দ্র) উন্নত নাবি জাতের একটি কুলের (বরই) সন্ধান পেয়েছে। কুলটি নিয়ে গবেষণা প্রায় শেষপর্যায়ে নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
মার্চ মাসের ১৫-২০ তারিখের পর বাংলাদেশের কোথাও আর উন্নত জাতের কুল পাওয়া যায় না। কিন্তু স্থানীয়ভাবে সংগ্রহ করা গবেষণা কেন্দ্রের এই কুলের জাতটি মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত পাওয়া যাবে।
গত বুধবার গবেষণা কেন্দ্রের বাগানে গিয়ে কুলসহ গাছটি দেখা যায়। নতুন জাতের এই কুল বাঁচাতে জাল দিয়ে গাছটিকে ঢেকে রাখা হয়েছে।
গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আকার, রং ও স্বাদ-সব দিক দিয়েই কুলটি উন্নত। ইতিমধ্যেই গবেষণায় পাওয়া ফলাফল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে লিখিতভাবে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমতি দিলে কুলের সম্ভাবনাময় এ জাতটি চাষিদের মধ্যে পৌঁছে দেওয়া যাবে।
গবেষণা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দীন জানান, ২০০৮ সাল থেকে গবেষণা কেন্দ্রের বাগানে স্থানীয় গুটি জাতের এই গাছটি ফলন দিচ্ছে। গুটি হলেও প্রতিটি কুলের ওজন ২৫ থেকে ৩২ গ্রাম। ভক্ষণযোগ্য অংশ ৯৭ শতাংশ ও মিষ্টতা শতকরা ১৭-১৯ ভাগ, যা উন্নত জাতের কুলের মতোই। এর দৈর্ঘ্য ৩ দশমিক ৯ সেন্টিমিটার এবং প্রস্থ ৩ দশমিক ৫ সেন্টিমিটার এবং বীজের ওজন দশমিক ৯ গ্রাম।
শরফ উদ্দীন আরও জানান, একটি পাঁচ-সাত বছরের গাছে ফলনের পরিমাণ প্রায় ১২০ কেজি। তা ছাড়া গাছে রোগ ও পোকার আক্রমণ নেই বললেই চলে। তাই কীটনাশকও প্রয়োগ করার প্রয়োজন পড়ে না। এর আঁটিতেও কোনো পোকা নেই। কুলটি পাওয়া যাবে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত। আশা করা হচ্ছে, সামনের বছর এই কুল অবমুক্ত করা যাবে এবং তখন থেকে এর সম্প্রসারণের জন্য চারা বিতরণ করা হবে।