চাঁপাইনবাবগঞ্জে নামসর্বস্ব প্রতিষ্ঠানে টিআরের চাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর-বিশেষ) কর্মসূচির আওতায় নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঠিকানা ও অবকাঠামোবিহীন এসব প্রতিষ্ঠানের বরাদ্দ ভুয়া ভাউচার দেখিয়ে উত্তোলনও করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রতিষ্ঠানগুলোর ঠিকানা জানাতে পারেননি।জেলা ছাত্রলীগের সভাপতি ফাইজার রহমান ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান অভিযোগ করেন, সরকারদলীয় স্থানীয় সাংসদ আবদুল ওদুদের ঘনিষ্ঠ সহযোগী জেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক তৌফিকুর রহমান ও জেলা যুবলীগের সহসভাপতি আজিমুল হাসান এসব বরাদ্দ আত্মসাৎ করেছেন। ২৮টি প্রকল্পের নাম উল্লেখ করে তাঁরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।ইউএনও মনিরুল ইসলাম পাটোয়ারী জানান, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে। সাংসদের সরবরাহ করা তালিকায় অনেক প্রতিষ্ঠানের ঠিকানা নেই। আছে শুধু নাম। সরেজমিনে তদন্ত করে সেগুলো খুঁজে বের করতে হবে। এ প্রসঙ্গে সাংসদ আবদুল ওদুদ প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে প্রতিষ্ঠানের উন্নয়নের নামে দরখাস্ত দিয়ে এসে তদবির করে যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। আমাকে সেগুলো বিবেচনা করতে হয়। কোনটার অস্তিত্ব আছে আর কোনটার নেই, তা সব সময় খতিয়ে দেখা সম্ভব হয় না।’ তিনি দাবি করেন বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর ৯০ থেকে ৯৫ ভাগেরই অস্তিত্ব রয়েছে ও বরাদ্দের ৭৫ ভাগের কাজ হয়েছে। তিনি আরও বলেন, ‘জেলা ছাত্রলীগের সভাপতি আমার কাছে সাত টন চাল চেয়েছিল। তাকে এ চাল দিইনি বলে সে এ অভিযোগ করেছে। দলে আমার বিরোধী পক্ষ তাদের উসকানি দিচ্ছে।’সাংসদের এ বক্তবে ফাইজার রহমান জানান, এ পর্যন্ত তাঁদের আবেদনে কোনো প্রতিষ্ঠানকেই টিআরের বরাদ্দ দেওয়া হয়নি। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা জানান, যুবলীগের কেউ টিআর প্রকল্পের চাল বরাদ্দের সুপারিশের সঙ্গে জড়িত নন।সাংসদকে প্রভাবিত করে তালিকা প্রস্তুতের অভিযোগের ব্যাপারে তৌফিকুর রহমান বলেন, ‘তালিকা প্রস্তুত করার আমি কে? তালিকা করে থাকেন সাংসদ। আমি কেবল তার নির্দেশমতো লিপিবদ্ধ করি।’ তিনি দাবি করেন, বরাদ্দপ্রাপ্ত টিআর প্রকল্পের প্রতিটি প্রতিষ্ঠানেরই অস্তিত্ব রয়েছে। এগুলোর নাম, ঠিকানা ও প্রতিষ্ঠানের লোকজনের মুঠোফোনের নম্বর দেওয়া হবে। কিন্তু এর দুই দিন পার হলেও তিনি তা জানাননি। আজিমুল হাসান বলেন, ‘আমার বিরুদ্ধে এসব অভিযোগ একেবারেই মিথ্যা। কেননা, এসবের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’লিখিত অভিযোগে যেসব প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে, এর মধ্যে রয়েছে পাঠানপাড়া শান্তি সংঘ। প্রতিষ্ঠানটির একাধিক সদস্য জানান, তাঁদের প্রতিষ্ঠানের নামে বরাদ্দ হওয়া আড়াই টন চালের বিনিময়ে দেওয়া হয়েছে মাত্র ১৬ হাজার টাকা। কথিত কর্নেল তাহের রক্ত সংরক্ষণ কমিটির আবু হেনা বলেন, ‘আমরা বরাদ্দের চালের টাকা পেয়েছি। আমাদের কোনো কার্যালয় না থাকলেও আমার ডেকোরেটরের দোকানের কার্যক্রম চলে। তালিকায় কালুপুর জামে মসজিদের নামে এক টন চাল বরাদ্দ উল্লেখ থাকলেও মসজিদের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ঈসারুল হক জানান, এই বরাদ্দের ব্যাপারে তিনিসহ কমিটির অন্যরা কিছু জানেন না। কার সইয়ে এই চাল উত্তোলন করা হয়েছে, তা-ও তাঁদের জানা নেই।