চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়িতে মা-মেয়ে খুন
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপররাজারামপুরে নিজ বাড়িতে এক গৃহবধূ ও তাঁর মেয়ে খুন হয়েছে। এঁরা হলেন নাসিমা বেগম (২৫) ও তাঁর মেয়ে নীলা (৪)। গত বৃহস্পতিবার রাতে নাসিমাকে গলা কেটে ও নীলাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত নাসিমার মা রাজিয়া বেগম প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নাতনিকে নিয়ে তাঁর মেয়ে পৌর এলাকার দারিয়াপুরে তাঁদের বাড়ি গিয়েছিলেন। গতকাল শুক্রবার সকালে ফোন করে নাসিমার কোনো সাড়া পাননি। পরে তিনি নাসিমার বাবাকে মেয়ের বাড়িতে পাঠান। নাসিমার বাবা তৈমুর রহমান মেয়ের বাড়িতে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দেয়াল টপকে তিনি বাড়ির ভেতরে গিয়ে বারান্দায় নাসিমার ও ভেতরে নীলার লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।রাজিয়া বেগম বলেন, নাসিমার স্বামী নাসির উদ্দীন সৌদিপ্রবাসী। নাসিরের বড় ভাই মজিবুর কবির ও তাঁর ছেলে হুমায়ুন কবির এবং ভগ্নিপতি রুহুলের সঙ্গে বাড়ির পাশের জমি নিয়ে দীর্ঘদিন ধরে নাসিমাদের বিরোধ চলছে। এর জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মর্তুজা বলেন, ঘটনাস্থল থেকে অন্যান্য আলামত সংগ্রহের পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহূত হাঁসুয়া জব্দ করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মজিবুরের স্ত্রী তহুরা বেগম ও ছেলে হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়েছে।