চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাবারের জন্য কৃষি ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ খাবারের আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে নওগাঁর পত্নীতলা উপজেলার ফতেপুর গ্রামে গতকাল রোববার ফতেপুর জৈব কৃষি ক্লাব গঠন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে জৈব কৃষি তৎপরতার সঙ্গে যুক্ত ৬০ জন কৃষক অংশ নেন।
এ সময় বাংলাদেশ অর্গানিক অ্যাগ্রিকালচার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তিনজন কৃষিবিজ্ঞানী উপস্থিত ছিলেন। ফতেপুর দাখিল মাদ্রাসার একটি কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আকবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্কাস আলী এতে সভাপতিত্ব করেন। সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা নাজিম উদ্দীন, কৃষক নাসির উদ্দীন, কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুর রশিদ, কামরুল হাসান, এ এইচ মোস্তফা জামান প্রমুখ।
নাজিম উদ্দীন বলেন, সবাই নিরাপদ খাবার খেতে চায়। এ জন্য জৈব কৃষিব্যবস্থার কোনো বিকল্প নেই। মাটিতে জৈবিক উপাদান বৃদ্ধি করতে জৈব সার, জৈব কীটনাশক উৎপাদন করতে হবে। তিনি আরও বলেন, এ গ্রামের নাসির উদ্দীন কেঁচো কম্পোস্ট সার উৎপাদক। ২০১৫ সালের ১১ জুলাই প্রথম আলোয় প্রকাশিত ‘সাশ্রয়ে, স্বস্তিতে কৃষক’ শিরোনামে প্রতিবেদন পড়ার পর তিনি নাসিরের সঙ্গে যোগাযোগ করেন। নাসির উদ্দীনের দেখাদেখি এলাকায় অনেকেই কেঁচো কম্পোস্ট সার তৈরিতে যুক্ত হন।