চাঁপাইনবাবগঞ্জে নৌকা ডুবে দুজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ থাকা চারজনের মধ্যে দুই শিশুর লাশ গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। গত সোমবার বিকেলে ঝড়ের কবলে পড়ে যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উপজেলার রানীনগর গ্রামের আরশাদ আলীর মেয়ে সুমি আক্তার (১৭) এবং দাইশাপাড়া গ্রামের আজিরুল হকের মেয়ে আজরিন খাতুনের (১১) লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঠুটাপাড়ার রিসাদ আলী (৮) নামের আরেক শিশু ও দোভাগী ফিল্ডেরহাট এলাকার জোনাব আলী (৫৫) নামের এক ব্যক্তি এখনো নিখোঁজ আছেন।
পাকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালেক বলেন, সোমবার বিকেলে ২০ থেকে ২২ জন যাত্রী, গমের বস্তা, কয়েকটি গরু নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত নৌকাটি ঘাইপাড়া থেকে মনোহরপুর যাচ্ছিল। পথে ঝড়ে পড়ে নৌকাটি ডুবে গেলে মাঝিসহ ১৮ যাত্রী কোনোমতে সাঁতরে তীরে উঠলেও তিন শিশুসহ চারজন নিখোঁজ হন। এদের মধ্যে গতকাল সকালে সুমি ও আজরিনের লাশ ভেসে উঠলে স্থানী লোকজন উদ্ধার করে।
ঘটনার পর দুর্যোগপূর্ণ আবহাওয়া ও দুর্গম পথের কারণে উদ্ধার অভিযানে যেতে পারেনি ফায়ার সার্ভিস। গতকাল সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর ১০ সদস্যের একটি ডুবরী দল উদ্ধারকাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ডুবে যাওয়া নৌকাটি শনাক্ত করা সম্ভব হয় বলে জানান চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক অহিদুল ইসলাম। তবে সেখানে কোনো লাশ পাওয়া যায়নি বলে তিনি জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর বলেন, নৌকাডুবির ঘটনায় নিহত দুইজন ও একই দিন বজ্রপাতে নিহত আরও চারজনের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। গত সোমবার বিকেলে ঝড় ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় মা ও মেয়েসহ চারজনের মৃত্যু হয়। আহত হন আরও দুজন।