চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবিতে দুজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলিতে গতকাল শনিবার দুপুরে পদ্মা নদীতে নৌকা ডুবে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১১ জন।
মৃত ব্যক্তিরা হলেন আলাতুলি ইউনিয়নের পশ্চিম কোদালকাটি গ্রামের সাহেব আলীর মেয়ে ইসরাত খাতুন (৩) ও কুটু বিশ্বাসের ছেলে দেলোয়ার হোসেন (৩৫)। দেলোয়ার হোসেন কাকনহাটে একটি মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন।
নৌকার মাঝি চান মিয়া জানান, নদীতে প্রচণ্ড স্রোত ছিল। এর মধ্যে আকস্মিক ঝড় ও বৃষ্টি হওয়ায় তিনি নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ কারণে নৌকাটি পানিতে ডুবে যায়।
চর আলাতুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোয়াজ আলী জানান, গতকাল দুপুরে ইঞ্জিনচালিত একটি নৌকা চাঁপাইনবাবগঞ্জের কোদালকাটি থেকে ৫৫-৬০ জন যাত্রী নিয়ে রাজশাহীর গোদাগাড়ী যাওয়ার পথে পদ্মা নদীতে আকসিঞ্চক ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে অন্য নৌকাতে করে যাত্রীদের জীবিত উদ্ধার করলেও ১৩ জনের সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এঁদের মধ্যে ইসরাত খাতুন ও দেলোয়ার হোসেনের লাশ উদ্ধার করেন। বাকি ১১ জনের সন্ধানে অভিযান চালাচ্ছেন ডুবুরিরা।