চাঁপাইনবাবগঞ্জে পদ্মার তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে বহুল প্রত্যাশিত পদ্মার ভাঙন থেকে আলাতুলি এলাকা রক্ষা প্রকল্পের কাজ শুরু হয়েছে।
গতকাল শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ আবদুল ওদুদ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রকল্পটি ২০১২ সালের ১৬ অক্টোবর একনেকে পাস হলেও অর্থ বরাদ্দসহ বিভিন্ন কারণে কাজ শুরু করতে দেরি হয়।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, এই প্রকল্পের আওতায় সদর উপজেলার আলাতুলি, শাহজাহানপুর ও দেবীনগর ইউনিয়নের ৬ দশমিক ২২ কিলোমিটার নদীর তীর সংরক্ষণ করা হবে। এ ক্ষেত্রে তীর সংরক্ষণের জন্য জিও ব্যাগ ও সিসি ব্লক ডাম্পিং করা হবে। পাশাপাশি নদী খনন করা হবে ২ দশমিক ৭০০ কিলোমিটার। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৬৫ কোটি ৫১ লাখ টাকা।
এর মধ্যে চলতি অর্থবছরের জন্য ২৫ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। প্রাথমিকভাবে এই টাকা দিয়েই ৯০০ মিটার তীর সংরক্ষণ করা হবে। এই প্রকল্প বাস্তবায়ন করছে পাউবো, চাঁপাইনবাবগঞ্জ। পাঁচটি পৃথক ঠিকাদারি প্রতিষ্ঠান পাঁচটি গ্রুপে এরই মধ্যে নির্মাণকাজ শুরু করেছে।