চাঁপাইনবাবগঞ্জে পাঁচ ভারতীয় আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সিংনগর সীমান্ত থেকে গত মঙ্গলবার রাতে পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় এক বাংলাদেশি নাগরিককেও আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের সহযোগিতায় কাঁটাতারের বেড়া কেটে রাত সাড়ে আটটার দিকে ভারতীয় গরু ও মহিষ নিয়ে বাংলাদেশ ভূখণ্ডে আসেন পাঁচ ভারতীয় ও বাংলাদেশের এক নাগরিক। এ সময় বিজিবির একটি টহল দল ১৭০ নম্বর সীমান্ত পিলার থেকে বাংলাদেশের ৫০০ গজ ভেতরে সিংনগর সীমান্তের নামোপাড়া এলাকা থেকে তাঁদের আটক করে।আটক ব্যক্তিরা হলেন: ভারতের মালদহ জেলার বাবুপাড়া গ্রামের মাইমুল হকের ছেলে বারী শেখ (১৮), আতাউর রহমানের ছেলে ওলিউর রহমান (১৪), খাসপাড়া গ্রামের মেহেরুদ্দীন (২৫), সাজেদ আলীর ছেলে সুলতান আলী (১৭) ও চৌধুরীপাড়া গ্রামের আইনুল হকের ছেলে আবুল কাশেম (২০)। বাংলাদেশি একজন হচ্ছেন শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া পণ্ডিতপাড়া গ্রামের বাবু মিয়া (২২)। এ সময় তাঁদের কাছ থেকে ছয়টি গরু ও দুটি মহিষ উদ্ধার করা হয়। আটক ভারতীয়দের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অনুপ্রবেশ এবং বাংলাদেশির বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ এনে মামলার পর তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে।