চাঁপাইনবাবগঞ্জে পাউবো কার্যালয়ে ছাত্রলীগের ভাঙচুর, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার ভাঙচুর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। অভিযোগ করা হয়েছে, নির্ধারিত সময়ের পর দরপত্রের শিডিউল দাখিল করতে না দেওয়ায় তাঁরা কার্যালয়ের একটি টেবিলের কাচ ভেঙে ফেলেন।দরপত্রটি ছিল প্রায় ৩৫ কোটি টাকার পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ কাজের জন্য। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় পাউবোর নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান গতকাল জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিবুল হাসান, ক্রীড়া সম্পাদক বকুল, শহীদ, হাকিমসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। রাতেই বকুলকে গ্রেপ্তার করা হয়।নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দরপত্রের শিডিউল দাখিলের শেষ সময় ছিল গতকাল বেলা একটা পর্যন্ত। কিন্তু বিকেল চারটার দিকে কয়েকজন যুবক এসে দরপত্রের দুটি শিডিউল জমা দিতে চান। এতে রাজি না হলে নিজেদের ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে তাঁরা প্রথমে হুমকি দেন। তাতেও কাজ না হলে তাঁরা আমাকে মারতে তেড়ে আসেন। অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তখন তাঁদের বাধা দেন। যুবকেরা পরে টেবিলের কাচ ভাঙচুর করেন এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।’ঘটনার সময় সেখানে দায়িত্বরত সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান বলেন, কর্মকর্তাদের সঙ্গে বাগিবতণ্ডার মধ্যে কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা টেবিলের কাচ ভেঙে ফেলে। তবে আর কোনো ক্ষতি হয়নি। এ ব্যাপারে মামলার আসামি ছাত্রলীগের নেতা রাকিবুল হাসান প্রথম আলোকে বলেন, ‘শিডিউল জমা দেওয়ার নির্ধারিত সময়ের কিছু পর ছাত্রলীগের কিছু নেতা-কর্মী পাউবো কার্যালয়ে গিয়েছিলেন, এটা সত্য। তবে তাঁদের সঙ্গে নির্বাহী প্রকৌশলী দুর্ব্যবহার করায় একটু বাগিবতণ্ডা হয়েছে। কাচ ভাঙচুরের অভিযোগ সত্য নয় এবং আমিও এতে জড়িত নই।’