চাঁপাইনবাবগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে সদর উপজেলার বালিগ্রাম মোড়ের কাছে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ওই মোটরসাইকেলের চালক রাজশাহীর তানোর উপজেলার জিওল শ্যামপুর গ্রামের দেলোয়ার হোসেনের (২৫) স্ত্রী ওয়ারিন আক্তার (২২) ও তাঁদের ভাগনি ফারিয়া ইসলাম (৩)। নিহত ওয়ারিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রামের আনারুল ইসলামের মেয়ে। আর ভাগনি ফারিয়া তানোরের জিওল শ্যামপুর গ্রামের মো. ফরহাদের মেয়ে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, দেলোয়ার হোসেন মোটরসাইকেলে করে স্ত্রী ও ভাগনিকে নিয়ে জিওল শ্যামপুর গ্রাম থেকে শ্বশুরবাড়ি সরজন যাচ্ছিলেন। বিকেল পাঁচটার দিকে বালুগ্রাম মোড়ের কাছে পৌঁছালে গোমস্তাপুর থেকে ছেড়ে আসা আমভর্তি একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ারের স্ত্রী ওয়ারিন আক্তার ও ভাগনি ফারিয়া ইসলাম মারা যায়।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি হস্তান্তর করা হয়েছে। পিকআপটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন বলেও জানান তিনি।