চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সঙ্গে সংঘষর্, রাজশাহীতে মাঠে ছিল না শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে গতকাল সোমবার ইসলামী ছাত্রশিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে পিকেটারদের সঙ্গে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।রাজশাহী মহানগর শিবিরের অফিস সম্পাদক আনোয়ারুল ইসলামের সন্ধানের দাবিতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে শিবির। তাদের দাবি, আনোয়ারুলকে ৪ এপ্রিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নগরের বন্ধগেট এলাকায় তাঁর মামার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এর পর থেকে আর তাঁকে পাওয়া যাচ্ছে না।এদিকে সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে হামলা ও সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় করা দুই মামলায় বিএনপির দুই নেতার জামিন নামঞ্জুর করে গতকাল তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর প্রতিবাদে আজ মঙ্গলবার সিলেট নগরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে যুবদল।ঢাকার বাইরের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর:রাজশাহী: হরতালে দূরপাল্লার কিছু বাস চলাচল করেছে, অফিস-আদালত খোলা ছিল, অন্যান্য হরতালের তুলনায় দোকানপাট অনেক বেশি খোলা ছিল। সকালে দু-এক জায়গায় পিকেটারদের উপস্থিতি থাকলেও পরে তাদের দেখা যায়নি। সকালে রাজশাহী নগরের বোসপাড়ায় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা করে শিবির। তবে পুলিশ আসছে শুনে তারা পালিয়ে যায়।এদিকে হরতালের আওতামুক্ত থাকা উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড সূত্র।চাঁপাইনবাবগঞ্জ: জেলা শহরের নিমতলা মোড় থেকে গতকাল সকাল সাতটার দিকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করা হয়। শিবতলা মোড়ে যাওয়ার পথে পিটিআই এলাকায় মিছিল থেকে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সকাল আটটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কের রাজারামপুর এলাকায় পিকেটাররা যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ ও বিজিবির সদস্যদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ কয়েকটি রাবার বুলেট ছুড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়।সিলেট: গত ২২ ফেব্রুয়ারি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে হামলা এবং পরে পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে সিলেট এমসি কলেজের ছাত্র তাহমিদ মুর্শেদ ঘটনাস্থলে ও পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন নিহত হন। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় দুটি মামলা হয়। মামলায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শাহরিয়ার হোসেন চৌধুরী এবং নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসানসহ ৮৫ জনকে আসামি করা হয়।আদালত সূত্র জানায়, সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে গতকাল সকালে দুই নেতা হাজির হলে তাঁদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে দুপুরে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এর প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সিলেট জেলা যুবদল। জেলা যুবদলের সভাপতি মামুনুর রশিদ হরতাল ডাকার বিষয়টি নিশ্চিত করেন।