চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১
জমি নিয়ে বিরোধের জের ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল রোববার উপজেলার গুপ্তমানিক গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৫০)। তিনি গুপ্তমানিক গ্রামের মৃত ইউসুফ মণ্ডলের ছেলে। এ ঘটনায় রফিকুলের ভাই মকবুল হোসেন (৪০) আহত হন।শিবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামের সঙ্গে প্রতিবেশী জুলু মিস্ত্রির জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে গতকাল বেলা ১১টার দিকে রফিকুলের সঙ্গে জুলু মিস্ত্রির লোকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জুলুর লোকজন শাবল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই রফিকুল মারা যান। এ সময় তাঁকে বাঁচাতে এসে তাঁর ভাই মকবুল হোসেন আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রফিকুল ইসলামের স্ত্রী মানিজা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। দুপুরে পুলিশ সুপার বশির আহমেঞ্চদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।