চাঁপাইনবাবগঞ্জে বখাটেপনার প্রতিবাদ করায় বিচারিক হাকিম লাঞ্ছিত, আটক ৫
চাঁপাইনবাবগঞ্জে মোবাইল ফোনের ক্যামেরায় বোনের ছবি তোলার প্রতিবাদ করায় একজন বিচারিক হাকিম বখাটেদের হাতে লাঞ্ছিত হয়েছেন। গতকাল শনিবার শহরের আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে আটক করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাটোর জেলার একজন বিচারিক হাকিম গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগরের বাড়ি থেকে পরিবারের সদস্যদের নিয়ে বাইরে কোথাও যাচ্ছিলেন। এ সময় ভূতপুকুর এলাকার হবি সরকারের ছেলে মোজাহারুল ইসলাম (১৪) তার মোবাইল ফোনের ক্যামেরায় বিচারিক হাকিমের বোনের ছবি তোলে। এর প্রতিবাদ করায় মোজাহারুল ও তার সহযোগীরা বিচারিক হাকিমকে লাঞ্ছিত করে। তিনি বিষয়টি পুলিশকে জানালে সদর থানার পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করে। আটক হওয়া ব্যক্তিরা হলো: আলীনগর ভূতপুকুর গ্রামের নাজমুল হোসেন (১৮), রকিবুল হক (১৭), মোশারফ হোসেন (৪৫), রেলপাড়া গ্রামের রানা (১৮) ও মিয়াপাড়া গ্রামের আসগর আলী (২২)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। তবে প্রধান অভিযুক্ত মোজাহারুলকে এখনো আটক করা যায়নি। তাকে আটকের জন্য অভিযান চলছে।