চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুজন নিহত
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় গতকাল বুধবার বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের খালেকপুর শুকনাপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে আবদুল খালেক (৪৫) ও শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি মোল্লাটোলা গ্রামের নাজির হোসেনের স্ত্রী বুলন বেগম (৬০)।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ ও চরবাগডাঙ্গা ইউনিয়নের গ্রাম পুলিশ আবদুল বাশির বলেন, গতকাল বুধবার বেলা একটার দিকে ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশে আম কুড়াতে যান আবদুল খালেক ও তাঁর স্ত্রী পারভীন বেগম।
এ সময় বজ্রপাতে আবদুল খালেক ঘটনাস্থলেই মারা যান এবং তাঁর স্ত্রী পারভীন সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে রাত আটটার দিকে পারভীনের সংজ্ঞা ফিরে আসে।
এদিকে শাহবাজপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ড সদস্য মোফাজ্জল হক বলেন, বেলা দেড়টার দিকে ঝড়-বৃষ্টির সময় বুলন বেগম বাড়ির পেছনে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।