চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে মা ও ছেলেসহ নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় গত সোমবার বজ্রপাতে মা-ছেলেসহ ছয়জনের মৃত্যু হয়েছে। ওই ছয়জনের মধ্যে তিনজন শিবগঞ্জের, দুজন সদর উপজেলার ও একজন গোমস্তাপুরের বাসিন্দা।
এলাকার অনেকে ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন রাতে বৃষ্টির মধ্যে পাশের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় বজ্রপাতে শিবগঞ্জের বিরাহিমপুর গ্রামের রুহুলের স্ত্রী শিরিন আক্তার (২৪) ও তাঁর ছেলে আবু সায়িদের (৩) মৃত্যু হয়৷ একই িদন বাগানে আম কুড়ানোর সময় বজ্রপাতে একই উপজেলার চককির্ত্তি ইউনিয়নের লাউঘাটা গ্রামের সাদিকুল ইসলামের (৪০) মৃত্যু হয়।
একই দিন সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আয়েশ উদ্দীন (৬০) ও ইসলামপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মোস্তফার ছেলে আমিরুল (২০) আম কুড়াতে গেলে বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়৷ এ ছাড়া, একই দিন গোমস্তাপুরের আলীনগর ইউনিয়নের ইমামনগর গ্রামের সাইফুল ইসলাম (৪৭) মাঠ থেকে বাড়ি ফেরার সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়৷