চাঁপাইনবাবগঞ্জে বাদীকে মামলা প্রত্যাহার ও হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার মরদানা পুকুরপাড়ার প্রতিবন্ধী জান্নাতী খাতুন (২৩) হত্যা মামলার বাদী জান্নাতীর বাবা মো. আলমকে মামলা প্রত্যাহার করে নিতে বলছে আসামিপক্ষের লোকজন। তা না হলে তাঁকে হত্যা করা হবে বলে হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মো. আলম চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মো. আলম বলেন, হুমকির ভয়ে তিনি বাড়িতে বসবাস করতে পারছেন না। মামলা দায়েরের আগেও তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। ১৬ অক্টোবর সকালে গ্রামের পাশে একটি আখখেত থেকে তাঁর মেয়ে জান্নাতীর লাশ পাওয়া যায়। আগের রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে জান্নাতীকে ধরে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হয়, ধর্ষণের পর বুদ্ধিপ্রতিবন্ধী জান্নাতীকে হত্যা করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। ওই দিন রাতে শিবগঞ্জ থানায় বিরহামপুর গ্রামের মো. আনারের ছেলে ইসমাইল হোসেন, আতাবুরের ছেলে তৌহিদসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হয়। তৌহিদকে পুলিশ গ্রেপ্তার করে।

মো. আলম আরও বলেন, তাঁকে হুমকি দিচ্ছে বিরহামপুর গ্রামের মংলু জমাদার, মনিরুল ইসলাম, আশরাফ আলী, সাইদুর মোন্না, এডু মোন্না, মো. জেন্টু। তিনি মামলা দায়েরের পর থেকেই এদের ভয়ে বাড়িছাড়া। এ ব্যাপারে শিবগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

থানার ওসি রমজান আলী বলেন, তিনি কোনো অভিযোগ পাননি। তবে ঘটনা খতিয়ে দেখবেন।