চাঁপাইনবাবগঞ্জে বাবা-মেয়ে খুন, একজন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার পীরপুরে গত বৃহস্পতিবার গভীর রাতে বাবা ও মেয়েকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তিরা হলেন—পীরপুর গ্রামের লজের আলী (৫৫) ও তাঁর মেয়ে হাসেন বানু (৩০)। এ ঘটনায় হাসেন বানুর স্বামী ময়েজ উদ্দীন, প্রতিবেশী সাত্তার আলীসহ চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করেছেন লজের আলীর ছেলে মুক্তারুল। পুলিশ সাত্তার আলীকে গ্রেপ্তার করেছে।জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে দুর্বৃত্তরা লজের আলীকে বাড়ির বাইরে ডেকে নিয়ে ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে হত্যা করে। বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে তারা হাসেন বানুকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। ১৪ বছর আগে হাসেন বানুর সঙ্গে বিয়ে হয় নাচোলের সূর্যপুর গ্রামের ময়েজ উদ্দীনের। কিন্তু চার-পাঁচ বছর আগে স্ত্রীকে নিয়ে নানা সন্দেহ প্রকাশ করলে তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি শুরু হয়। একপর্যায়ে স্বামী-স্ত্রী আলাদাভাবে থাকতে শুরু করেন। ওই সময় ময়েজ দাবি করেন, বিদেশে যাওয়ার জন্য তাঁর জমানো এক লাখ টাকা রাখা আছে শ্বশুর লজের আলীর কাছে। কিন্তু লজের আলী তা অস্বীকার করেন। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিসও বসে। কিন্তু কোনো সুরাহা করা সম্ভব হয়নি।