চাঁপাইনবাবগঞ্জে বাসচাপায় শিশু নিহত, অবরোধ
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরে গতকাল মঙ্গলবার বিকেলে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। প্রত্যক্ষদর্শী ও সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, নিহত আশিক (৬) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিঘা-মিয়াপাড়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে। বিকেল পাঁচটার দিকে হরিপুরে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে আসা মডার্ন এন্টারপ্রাইজের একটি দূরপাল্লার কোচ শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং অবস্থান নিয়ে অবরোধ করে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পৌর মেয়র মাওলানা আবদুল মতিন ও সদর থানার এসআই সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বাসের চালকের শাস্তির ব্যবস্থা ও গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধের কারণে সড়কের দুদিকে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে। এসআই সাইফুল জানান, অবরোধ তুলে নেওয়ার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।