চাঁপাইনবাবগঞ্জে বিআরডিবির কর্মকর্তা হত্যার রহস্য উদ্ঘাটন
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কার্যালয়ের উপ-প্রকল্প কর্মকর্তা আবদুল্লাহ নাহিন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মাসুদ রানা (২৮) নামে এক যুবক গতকাল সোমবার স্বীকার করেছেন তিনি ও তাঁর বন্ধু কাওসার আবদুল্লাহ নাহিনকে হত্যা করেছেন। গত ১২ ডিসেম্বর সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে সরকারি বাসভবনে তাঁকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় গত রোববার দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হয় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের মাসুদ রানাকে আর হত্যাকাণ্ডের পরদিন সন্দেহজনকভাবে কাওসার, হারুনুর রশিদ ও আব্দুস সালাম নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।মাসুদ রানাকে গতকাল সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রেস বিফিংয়ে হাজির করা হয়। এ সময় মাসুদ রানা সাংবাদিকদের বলেন, কাওসারের সঙ্গে বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কাওসারের সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্কের কথা আবদুল্লাহ মেয়ের বাবাকে জানিয়ে দেন এবং ওই মেয়ের সঙ্গে নিজেই সম্পর্ক গড়ে তুলতে চান। এ ঘটনায় প্রতিহিংসাপরায়ণ হয়ে কাওসার আবদুল্লাহকে হত্যার সিদ্ধান্ত নেন।মাসুদ রানা সাংবাদিকদের জানান, কাওসার তাঁকে বিআরডিবি ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে ঘটনার দিন ভোরে আবদুল্লাহর কাছে নিয়ে আসেন। আবদুল্লাহর কক্ষে বসেই কাওসার তাঁকে আক্রোশের কারণ ও হত্যা পরিকল্পনার কথা বলেন। সে সময় আবদুল্লাহ শৌচাগারে ছিলেন। মাসুদ বলেন, ‘আবদুল্লাহ শৌচাগার থেকে বের হলে কাওসার তাকে জাপটে ধরে। এ সময় আমি তাকে সহায়তা করি। একপর্যায়ে হাতে গ্লোভস পরে কাওসার আবদুল্লাহর নাক চেপে ধরে শ্বাসরোধ করে। আবদুল্লাহ নির্জীব হয়ে পড়লে এন্টিকাটার দিয়ে কাওসার তার হাত ও পায়ের রগ কেটে দেয়।’ প্রেস বিফিংয়ে পুলিশ সুপার জানান, মাসুদ রানার স্বীকারোক্তি মোতাবেক গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা চত্বরের সামনে ড্রেনের পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত রক্তমাখা এন্টিকাটার উদ্ধার করে পুলিশ। আর আবদুল্লাহর ব্যবহূত একটি মুঠোফোন মাসুদ রানার কাছ থেকে উদ্ধার করা হয়।