চাঁপাইনবাবগঞ্জে বিএনপির পাঁচ কমিটি বাতিলের দাবি
চাঁপাইনবাবগঞ্জে সদ্য গঠিত বিএনপির তিনটি থানা ও দুটি পৌর কমিটি বাতিলের দাবি জানিয়ে গত সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন নেতা-কর্মীদের একাংশ। দাবি আদায় না হলে আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করা হয় সংবাদ সম্মেলনে। দুপুরে স্থানীয় টাউন ক্লাব মিলনায়তনে গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট থানা এবং রহনপুর ও নাচোল পৌর কমিটির ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য দেন গোমস্তাপুর থানা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আসাদুল্লাহ আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আবদুস সামাদ আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য খুরশেদ আলম, উপদেষ্টা শেখ মো. আনিস, নাচোল থানার সহসভাপতি আবু তাহের প্রমুখ। জানতে চাইলে আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগের আহ্বায়ক কমিটিগুলোই ছিল পকেট কমিটি। ভোলাহাট থানার আহ্বায়ক নুরুল ইসলাম, গোমস্তাপুর থানার আহ্বায়ক বাইরুল ইসলাম ও নাচোল থানার আহ্বায়ক মাইনুল ইসলাম ইতিপূর্বেই আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। এর পরই বিধিসম্মতভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ জন্যই কেন্দ্র তা অনুমোদন করেছে। আমিনুল ইসলাম তাঁর উপস্থিতিতে নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেন।