চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে গত রোববার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছে।আহত ব্যক্তিরা হলেন: উপজেলার ঊনিশবিঘী গ্রামের সেতাবুল ইসলাম (৪৫), আবু সায়েম (৩০) ও সাইদুর রহমান (৩২)। চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল আলম জানান, রোববার সকাল সাতটার দিকে ওই তিনজন সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে যান। এ সময় মালদা জেলার ১২৫ বিএসএফ ব্যাটালিয়নের নওদা ক্যাম্পের সদস্যরা তাঁদের ফিরে যেতে বলেন। কিন্তু তাঁরা বিএসএফের সদস্যদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনজনই আহত হন।মঞ্জুরুল আলম জানান, তিনজনকে গুলি করে আহত করার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়। পরে সকাল সাড়ে আটটা থেকে পৌনে ১০টা পর্যন্ত চাকপাড়া সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। সেখানে বিজিবির পক্ষে ৯ ব্যাটালিয়নের সোনামসজিদ কোম্পানি কমান্ডার শামসুর রহমান ও বিএসএফের পক্ষে ১২৫ ব্যাটালিয়নের বি মহদিপুর কোম্পানি কমান্ডার এ সি পি বিশ্বাস নেতৃত্ব দেন। বৈঠকে গুলির ঘটনার জন্য বিএসএফ দুঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছেন শামসুর রহমান।২ অক্টোবর শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশি নিহত ও আরও চারজন আহত হয়। এর আগে গত ৩০ সেপ্টেম্বর শিবগঞ্জের শিংনগর সীমান্তে বিএসএফের নির্যাতনের শিকার হয়ে এক বাংলাদেশির মৃত্যু হয়।