চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সিংনগর সীমান্তে গতকাল শনিবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শরিফুল ইসলাম (২৩) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।শরিফুল শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের শামসুল হুদার ছেলে। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। শরিফুলের প্রতিবেশীদের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার বিকেলে গ্রামের কয়েকজনের সঙ্গে শরিফুল গরু আনতে ভারতে যান। গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে শরিফুল ও তাঁর সঙ্গীরা গরু নিয়ে সিংনগর সীমান্ত দিয়ে পার হচ্ছিলেন। এ সময় বিএসএফের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি করে। এতে শরিফুলের বাম ঊরুতে গুলি লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শরিফুলের মৃত্যু হয়। বেলা সাড়ে তিনটার দিকে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন বলেন, সিংনগর সীমান্তের শূন্যরেখা অতিক্রমের সময় শরিফুল ও তাঁর সঙ্গীদের লক্ষ্য করে গুলি ছোড়ে ভারতের শুভপুর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা। এতে গুলিবিদ্ধ শরিফুলকে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। এর প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দিয়েছে বিজিবি।ভারত সীমান্তবর্তী শিবগঞ্জের মনকষা ইউনিয়নের তারাপুর, মনোহরপুর, সাহাপাড়া ও খোটাপাড়া গ্রামের হাতেগোনা দু-একটি পরিবার বাদে প্রায় সব পরিবারের ছেলেরাই গরু-মহিষের রাখালির সঙ্গে যুক্ত। পরিবারগুলোতে চরম দারিদ্র্য ও কাজের অভাবে জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা ভারত থেকে অবৈধভাবে দেশে গরু আনার কাজ করেন। এ নিয়ে গতকাল প্রথম আলোর ছুটির দিনে ‘জীবন-মরণ রাখালিয়া’ শিরোনামে মূল রচনা প্রকাশিত হয়।