চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের আমনূরায় আজ শনিবার সকালে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎ​পাদন কেন্দ্রের নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় তিনি বলেন, ২০১৭ সালের মধ্যে দেশের প্রায় শত ভাগ এলাকায় বিদ্যুৎ​ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। দ্রুত সময়ে বিদ্যুৎ চাহিদা পূরণে তেলভিত্তিক বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলেও, দীর্ঘ মেয়াদি বিদ্যুৎ চাহিদা পূরণে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ সদস্য প্রকৌশলী শেখ মো. আলাউদ্দিন ও চায়না কন্সট্রাকশন কোম্পানির কর্মকর্তাসহ অন্যরা।

কয়লা ভিত্তিক বিদ্যুৎ​কেন্দ্র নির্মাণের কারণে সুন্দরবনের ক্ষতি নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইতিমধ্যে ইউনেসকোর একটি টেকনিক্যাল টিম সফর করেছেন। এ নিয়ে একাধিক গবেষণাও হয়েছে। এই বিদ্যুৎ​কেন্দ্রের কারণে পরিবেশের কোনো ক্ষতির সম্ভাবনা নেই। তথ্য উপাত্ত নিয়ে কেউ প্রমাণ করতে পারলে সরকার তাদের সঙ্গে বসতে রাজি আছে বলে তিনি জানান।

চীনের হুবেই ইলেকট্রিক পাওয়ার সার্ভের তত্ত্বাবধানে ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ৭৯৫ কোটি টাকা ব্যয়ে ১০০ মেগাওয়াট এই বিদ্যুৎ কেন্দ্রের কাজ আগামী ২০১৭ সালের ২৫ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।