চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটি, লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে গত রোববার দুপুর থেকে ব্যাপক লোডশেডিংয়ের কবলে পড়েন সদর ও শিবগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের প্রায় ২০ হাজার গ্রাহক। গতকাল সোমবার সন্ধ্যার দিকে মেরামতের পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসে।

চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) হাসান শাহনেওয়াজ জানান, রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরে অবস্থিত গ্রিড বিদ্যুৎ উপকেন্দ্রের ১৩২ কেভি ব্রেকারের রিলে সার্কিট বিকল হয়ে যায়। এর পরই ওই ব্রেকার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বিভাগের কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গতকাল সন্ধ্যার দিকে সার্কিট মেরামত করেন।

পল্লী বিদ্যুতের একাধিক গ্রাহক জানান, রোববার দুপুরের পর সদর ও শিবগঞ্জ উপজেলার অর্ধেকের বেশি গ্রামে বিদ্যুৎ চলে যায়। রাত সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ দেওয়া হলেও ঘণ্টা খানেক পর আবারও লোডশেডিং শুরু হয়। গতকাল সন্ধ্যায় মেরামতের পর বিদ্যুৎ আসে।

পল্লী বিদ্যুতের কর্মকর্তা হাসান শাহনেওয়াজ জানান, ৪০ হাজার গ্রাহকের জন্য প্রায় ২০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। সেখানে ১১ থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। তা দিয়েই যতটা সম্ভব লোডশেডিং করে সবার বিদ্যুতের চাহিদা মেটানো হচ্ছে।