চাঁপাইনবাবগঞ্জে বিদ্রোহী প্রার্থীরা মাঠে থাকছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের দুজন ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিএনপির একজন বিদ্রোহী মেয়র প্রার্থী নির্বাচনের মাঠ ছাড়ছেন না বলে জানিয়েছেন।
শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী কারিবুল হক ওরফে রাজিন প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় মানুষের দাবিই আমার কাছে আগে। কেননা তাঁদের নিয়েই রাজনীতি করি। জেলা নির্বাচনী বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট নেতারা আমার ওপর যে অবিচার করেছে, তার জবাব ভোটের মাধ্যমেই দেবে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা।’
আরেক বিদ্রোহী প্রার্থী শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র ইমানী আলী অভিযোগ করেন, ‘মোটা অঙ্কের টাকার বিনিময়ে পৌর মেয়র প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়েছে। এর প্রতিবাদেই মাঠে থাকতে চাই। তা ছাড়া আমার কর্মী-সমর্থকেরা আমাকে ভোটের মাঠে দেখতে চায়।’
এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মণ্ডল বলেন, ‘ব্যক্তি স্বার্থের ব্যাঘাত ঘটায় শিবগঞ্জের বিদ্রোহী প্রার্থীরা উল্টাপাল্টা কথা বলছে। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তাঁদের দল থেকে বহিষ্কার করা হবে। যোগ্য প্রার্থী বিবেচনায় শিবগঞ্জ পৌরসভায় ময়েন খানকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে।’
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র আবদুল মতিন অভিযোগ করেন, ‘বিএনপি থেকে মনোনয়ন দেওয়া সাবেক পৌর মেয়র আতাউর রহমান মেয়র থাকাকালীন নানা দুর্নীতি করেছে—এমন অভিযোগেই জামায়াত থেকে বহিষ্কৃত হন। জামায়াতের সেই ছুড়ে ফেলা প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে অর্থের বিনিময়ে। এর প্রতিবাদেই মাঠে আছি এবং শেষ পর্যন্ত থাকব।’ 

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ বিদ্রোহী প্রার্থী আবদুল মতিন সম্পর্কে অভিযোগ করেন, ‘তিনি একজন অযোগ্য লোক। মেয়র হিসেবে পাঁচ বছরে পৌরসভার উন্নয়নে কোনো কাজই করতে পারেননি। ভোট চাইতে গিয়ে তিনি মানুষের কাছে কড়া সমালোচনার মুখে পরবেন।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দা আশিফা আশরাফি টাকার বিনিময়ে আতাউর রহমানকে দলে নেওয়া ও মনোনয়ন দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচনে বিএনপি-জামায়াতই ফ্যাক্টর। জামায়াতের সঙ্গে আতাউর রহমানের দ্বন্দ্বের কারণেই তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতের সঙ্গে তাঁর এ দ্বন্দ্ব বিএনপির জন্য ভালো ফল দেবে। জামায়াত-সমর্থকদের মধ্যে তাঁর অনেক অনুসারী রয়েছে। তা ছাড়া নির্বাচনের রাজনীতি জয়ের জন্য উপযোগী প্রার্থী হিসেবেই তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে।’