চাঁপাইনবাবগঞ্জে ভুয়া চিকিৎসককে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে গোলাম মোস্তফা নামের এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম এ মমিন এই দণ্ড প্রদান করেন। গোলাম মোস্তফা অন্যের সনদ ব্যবহার করে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখা পরিচালিত হাসপাতালে নিয়োগ নিয়েছিলেন।সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও অন্ধকল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম জানান, গোলাম মোস্তফা নিজেকে সৈয়দ তাহেরুল ইসলাম পরিচয় দিয়ে অন্ধকল্যাণ সমিতির হাসপাতালে নিয়োগ পেয়েছিলেন। আবেদনপত্রের সঙ্গে সনদপত্রের সত্যায়িত ফটোকপি দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে মূল সনদপত্র চাইলে তা দিতে ব্যর্থ হন তিনি। এ নিয়ে অন্ধকল্যাণ সমিতির পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয় সৈয়দ তাহেরুল ইসলামের নামে কোনো নিবন্ধনপত্র ইস্যু করা হয়নি।ভিন্ন নামে ভুয়া সনদ ও নিবন্ধনপত্র দিয়ে চাকরি নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অন্ধকল্যাণ সমিতি পুলিশকে অবহিত করলে শুক্রবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁরা আরও জানান, গোলাম মোস্তফার বাড়ি ঝালকাঠি জেলায় হলেও আবেদনপত্রে তাঁর স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কোদালকাটি। এর আগে একই সনদপত্র দিয়ে গোলাম মোস্তফা চাঁপাইনবাবগঞ্জের অ্যাডাপটিভ ক্লিনিকে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পান এবং চিকিৎসা দেন।