চাঁপাইনবাবগঞ্জে মাটি ধসে নির্মাণশ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় একটি বাড়ির সেফটিক ট্যাংক নির্মাণের সময় মাটি ধসে চাপা পড়ে তোফাজ্জল হোসেন (৫০) নামের একজন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার পৌর এলাকার সেলিমাবাদ দেওয়ানজাইগীর মহল্লায় এ ঘটনা ঘটে।
মাটিচাপার ঘটনায় তারুন মণ্ডল (৬৫) নামে অপর এক শ্রমিক আহত হয়েছেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তোফাজ্জল হোসেন চকদৌলতপুর মহল্লার বাসিন্দা।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, দেওয়ানজাইগীর গ্রামের আল-আমিনের (৩৫) বাড়িতে সেফটিক ট্যাংক নির্মাণের জন্য গর্ত খুঁড়ছিলেন শ্রমিকেরা। আট থেকে নয় ফুট খোঁড়ার পর হঠাৎ পাশের মাটি ধসে তোফাজ্জল ও তারুন মণ্ডল গর্তের ভেতর মাটির নিচে চাপা পড়েন।
উপপরিদর্শক কামরুজ্জামান বলেন, পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকদের সহায়তায় মাটি সরিয়ে তাঁদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জল হোসেনকে মৃত ঘোষণা করেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।