চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের মৃত্যুদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় শরিফুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ জিয়াউর রহমান এ রায় দেন।
শরিফুল ইসলাম সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের চর কোদালকাঠি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা বলেন, ২০১২ সালের ২৯ মার্চ সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের ৯ বিজিবি ব্যাটালিয়নের পোলাডাঙ্গা বিওপির একটি দল কোদালকাঠি এলাকায় অভিযান চালায়। ওই সময় ভারত থেকে দুজন ব্যক্তি বাংলাদেশে ঢুকলে তাঁদের থামার সংকেত দেয় বিজিবি। এ সময় একজন পালিয়ে গেলেও শরিফুলকে একটি প্লাস্টিকের বস্তাসহ গ্রেপ্তার করা হয়। পরে ওই বস্তা তল্লাশি করে ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
এই মামলার অপর আসামি ছিলেন চর কোদালকাঠি গ্রামের শাহজাহান আলীর ছেলে কামাল উদ্দিন (৩৫)। অপরাধ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
এ ঘটনায় ২০১২ সালের ৩০ মার্চ ৯ বিজিবির নায়েব সুবেদার মোবারক হোসেন বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই বছরের ২২ মে দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ৯ জনের সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানির পর আজ আদালত রায় দেন।